বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর ও জবাবদিহিমূলক ‘সেরা সংসদ’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংসদকে সুশাসনের ও গণতন্ত্রের প্রকৃত কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।আজ মঙ্গলবার ঢাকা-র জাতীয় সংসদ ভবনে ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) এই অনুষ্ঠানের আয়োজন করে।
চীফ হুইপ তাঁর বক্তব্যে একটি জনমুখী সংসদ গঠনে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে সরকারি হিসাব, অনুমিত হিসাব এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সাংবিধানিক দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। নূরুল ইসলাম মণি বলেন, "আর্থিক শৃঙ্খলা রক্ষা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সুশাসন সুদৃঢ় করতে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা অনস্বীকার্য।" তিনি প্রতিটি সংসদ সদস্যকে স্থায়ী কমিটির কার্যক্রমে আন্তরিকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
একই দিনে আয়োজিত অষ্টম ব্রিফিং সেশনে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এই সেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এবং মাঠপর্যায়ে বাজেট বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে এই ব্রিফিং সেশনটি সংসদ সদস্যদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।